ক্রমেই ঊর্ধ্বমূখী সোনার বাজার। দেশের বাজারে টানা পঞ্চমবার বাড়লো সোনার দাম। ফলে নতুন দাম নির্ধারণ হয়েছে। আর এই নতুন দামের সোনা বিক্রি শুরু হবে আগামীকাল রবিবার (১৯ মে) থেকে। ভালো মানের সোনা প্রতি ভরিতে বেড়েছে এক হাজার ১৭৮ টাকা। ফলে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে এক লাখ ১৮ হাজার ৪৬০ টাকায়।
শনিবার (১৮ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার এ তথ্য নিশ্চিত করেছে। আর আগামীকাল রবিবার থেকে সারা দেশে সোনার নতুন দাম কার্যকর হবে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
২২ ক্যারেটের মূল্য যখন ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা, তখন নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের সোনার ভরি ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৬ হাজার ৯১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়।
কিন্তু সনাতন পদ্ধতির এক ভরি সোনা ৮০ হাজার ১৩২ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৮৩ টাকা।
Leave a Reply