সংসদ সদস্য আনার কিলিং মিশনে সরাসরি জড়িত সাতজনকেই গ্রেফতার করেছে ডিবি। বুধবার গ্রেফতার ফয়সল ও মোস্তাফিজকে দশ দিনের রিমান্ড চাইবে বলে সংবাদ সম্মেলনে জানান ডিবি প্রধান হারুন অরশিদ। তবে এখনও আনার হত্যার মোটিভ সঠিকভাবে বলতে পারবেন না বলে জানান হারুন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত দুই জনকে বুধবার চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
গ্রেফতার মোস্তাফিজ ও ফয়সালকে নিয়ে বৃহস্পতিবার (২৭ জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশীদ। জানান, শিমুল ভুইয়ার সাথে মিলে এই দুজনও সংসদ সদস্য আনারকে হত্যা করে।
হত্যাকাণ্ড এবং এর কারণ জানতে গ্রেফতার করা দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান হারুন আর রশীদ।
গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সেখানেই একটি ফ্ল্যাটে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে পুলিশ জানালেও এখনও তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
Leave a Reply