ফৌজদারি মামলায় আংশিক দায়মুক্তির রেশ না কাটতেই ঘুষ দেওয়ার আরেক মামলায় রায় পেছানোর সুখবর পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রায় ঘোষণা হবে ১১ জুলাইয়ের পরিবর্তে ১৮ সেপ্টেম্বর। একে দায়মুক্তির সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প।
আদালতের এই সিদ্ধান্তে আগামী ১৫ জুলাই অনুষ্ঠেয় রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রার্থী ঘোষণার পথে অস্বস্তিকর বাধা দূর হলো। নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প। বলেছেন, এর ফলে তার পেছনে কথা বলার প্রবণতা থামবে।
নিউইয়র্কের ম্যানহাটন আদালত থেকে জানানো হয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারক জুয়ান মার্চান। ১০ জুলাইয়ের মধ্যে ট্রাম্পের আইনজীবীকে লিখিত আবেদন আদালতে উত্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
২৪ জুলাই ওই আর্জির ওপর শুনানি হবে। কর ফাঁকি দিতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সাথে শারীরিক সম্পর্কের তথ্য গোপনে ঘুষ দেওয়ার মামলায় গত ৩০ মে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘুষের এক লাখ ৩০ হাজার ডলার দেওয়ার স্বীকারোক্তি দিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা মাইকেল কোহেন। অভিযোগ অস্বীকার করে একে নিতান্তই ব্যক্তিগত বিষয় বলেছেন ট্রাম্প।
Leave a Reply