মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে সক্ষম নেতা বাছাই করতে গিয়ে ডেমোক্রেটিক দল দ্বিধাদন্দ্বে পড়েছে বলে কটাক্ষ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়ে আবারও সাফাই দিয়েছে হোয়াইট হাউজ।
মঙ্গলবার (৯ জুলাই) ফ্লোরিডা অঙ্গরাজ্যে ন্যাশনাল ডোরাল গলফ কোর্সের জনসভায় ট্রাম্প বলেন, শারীরিক ও মানসিকভাবে সক্ষম প্রার্থী বাছাই করতে গিয়ে চরম বিশৃঙ্খলায় পড়েছে ডেমোক্রেটরা। তার দাবি, এতে পুরোপুরি ভেঙে পড়েছে কট্টর ডানপন্থি ডেমোক্রেটিক পার্টি।
কটাক্ষের সুরে ট্রাম্প বলেন, প্রার্থী কে হবেন? ঘুমে ঢলে পড়া বাইডেন; নাকি হাসির পাত্র কমলা? এই সপ্তাহেই সঞ্চালক ছাড়া মুখোমুখি বিতর্কে অংশ নিতে বাইডেনের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ট্রাম্প। বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়ে আবার প্রশ্নের মুখে পড়ে সাফাই দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ পিয়েরে। তিনি বলেছেন, প্রেসিডেন্টের শারীরিক ও মানসিক অবস্থার সর্বশেষ ডাক্তারি প্রতিবেদন হোয়াইট হাউজের ওয়েবসাইটে আছে।
বাইডেনের নির্বাচনে থাকা অথবা বিকল্প প্রার্থীর বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডেমোক্রেট নেতারা। বৈঠক শেষে জানানো হয়, আপাতত বিকল্প প্রার্থীর বিষয়ে ভাবা হচ্ছে না। যদিও, ৮১ বছর বয়সী বাইডেনের প্রার্থীতা প্রত্যাহারের আহ্বানে বিবৃতি দিয়েছেন কংগ্রেসওম্যান মাইকি শেরিল। এনিয়ে দলে সাতজন কংগ্রেস সদস্য এমন আহ্বান জানালেন। সূত্র: এপি, এনবিসি
Leave a Reply