ওমানের রাজধানী মাসকাটে একটি মসজিদের কাছে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে চারজনই পাকিস্তানি নাগরিক। আছেন একজন পুলিশ সদস্যও। সোমবারের (১৫ জুলাই) ওই হামলায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। মঙ্গলবার (১৬ জুলাই) হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
পবিত্র আশুরাকে সামনে রেখে সোমবার মাসকাটের আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের অদূরে গুলির ঘটনা ঘটে। এ হামলার জবাব দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানায় দেশটির রাজকীয় পুলিশ বাহিনী।
এক বিবৃতিতে রাজকীয় পুলিশ বাহিনী জানায়, তিনজন সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আর আহত ব্যক্তিদের মধ্যে উদ্ধারকারী ও প্যারামেডিক সদস্য আছেন।
আইএস মুখপাত্র আমাক নিউজ এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ হামলার দায় স্বীকার করেছে। এতে তারা জানায়, তাদের তিনজন সদস্য মেশিনগান নিয়ে হামলা চালিয়েছেন। সূত্র: সিএনএন
Leave a Reply