জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। বিধানসভা নির্বাচনে জয়ের পর আজ বুধবার (১৬ অক্টোবর) দ্বিতীয়বারের মতো জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী হলেন তিনি। তবে রাষ্ট্রপতি শাসন বাতিলের পর কেন্দ্রশাসিত কাশ্মিরের প্রথম মুখ্যমন্ত্রী এখন ওমর আবদুল্লাহ।
দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মিরে বিধানসভা নির্বাচন হয়েছে এবার। ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স, ৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করা এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর থেকেই সেখানে রাষ্ট্রপতির শাসন জারি ছিল। এখন থেকে জম্মু-কাশ্মিরে চলবে কেন্দ্রের শাসন। সুতরাং ওমর আবদুল্লাহই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
সংবাদমাধ্যম বলছে, শের-ই-কাশ্মির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বুধবার বেলা সাড়ে ১১টায় জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার কাছে শপথবাক্য পাঠ করবেন ওমর আবদুল্লাহ।
ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ ২০০৯ সাল থেকে দলের চেয়ারম্যান পদে রয়েছেন। ২০০৯ সালে কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় আসার পর কাশ্মিরের তরুণতম মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমর আবদুল্লাহ। পরবর্তীতে তিনি বিরোধী দলনেতা ছিলেন দীর্ঘদিন।
ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে কংগ্রেস সংসদ সদস্য তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসিপির শারদ পওয়ার, আরজেডি নেতা লালু প্রসাদ যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদবসহ ইন্ডিয়া জোটের নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শপথ অনুষ্ঠানে কারা কারা থাকবেন, তা এখনও স্পষ্ট নয়।
ইতোমধ্যে ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর করা গেজেট নির্দেশিকায় বলা হয়, মুখ্যমন্ত্রী নিয়োগের আগে রাষ্ট্রপতির শাসনের অবসান করা হচ্ছে। সূত্র: এনডিটিভি
Leave a Reply