ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালানোর পর ইসরাইলি ডিফেন্স ফোর্সেস-আইডিএফ শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ এক বিবৃতিতে জানায় , তারা তাদের হামলা ‘সম্পন্ন’ করেছে। তবে, ইরান যদি আরেকটি হামলা চালানোর ভুল করে, তাহলে ইসরাইল পাল্টা হামলা চালাতে বাধ্য হবে।
শনিবার (২৬ অক্টোবর) খুব ভোরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায়। আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের হামলার প্রতিক্রিয়ায় আইডিএফ ইরানের বেশ কয়েকটি এলাকায় লক্ষ্যবস্তুতে ‘সুনির্দিষ্ট ও টার্গেটকৃত’ বিমান হামলা শুরু করে।
ভিডিও বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, অন্য যেকোনো সার্বভৌম দেশের মতোই ইসরায়েলেরও রাষ্ট্র হিসেবে প্রতিক্রিয়া জানানোর অধিকার ও কর্তব্য রয়েছে। তিনি আরও বলেন, ইসরাইলের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক ক্ষমতা সম্পূর্ণরূপে সক্রিয় করা হয়েছে এবং দেশ ও জনগণকে রক্ষা করতে তারা সম্ভাব্য সবকিছু করার পরিকল্পনা করছে।
ইরানি গণমাধ্যমের ভাষ্যমতে, সর্বশেষ এই হামলায় দেশটির সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। তবে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। ইরানের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন জানায় যে, স্থানীয় সময় শনিবার রাত ২টার কিছু পরে তেহরানের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইরানের ফারস বার্তা সংস্থার ভাষ্যমতে, হামলায় পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম তেহরানে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার কয়েক ঘণ্টা পর, তেহরানের পূর্ব ও মধ্যাঞ্চলে আবারও বিকট শব্দ শোনা যায়। স্থানীয় গণমাধ্যম জানায় যে, এগুলো আকাশ প্রতিরক্ষা তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট ছিলো।
এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, হামলার বিষয়ে ইসরায়েল আগেই যুক্তরাষ্ট্রকে অবহিত করলেও এতে যুক্তরাষ্ট্রের কোনও সংশ্লিষ্টতা ছিলো না।
Leave a Reply