চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে চট্টগ্রাম আদালতে আনা হয়। এ সময় সনাতন ধর্মাবলাম্বীরা আদালতের বারান্দায় ‘জয় শ্রীরাম’সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার সময় শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত ৩১ অক্টোবর ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এ মামলায় চিম্ময় দাসসহ ১৯ জনকে আসামি করা হয়েছিল।এই মামলায় এর আগে আরো দুজনকে গ্রেফতার করেছিলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
Leave a Reply