সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানি হবে আগামী ২ জানুয়ারি। তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তী এ শুনানির দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
মহানগর দায়রা জজ আদালতের নাজির নেছার আহমেদ জানান, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের সব আইনজীবী উপস্থিত থাকলেও আসামিপক্ষের কেউ ছিলেন না। তাই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আগামী ২ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।
চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা। পরদিন ২৬ নভেম্বর নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে আদালতে হাজির করা হয়। জামিন আবেদন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেয় চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালত।
ওইদিন তাকে বহন করা প্রিজন ভ্যান দুপুর ১২টা থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত আটকে রাখেন তার অনুসারীরা। এক পর্যায়ে লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ সময় চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ অনুসারীরা পুলিশ, সেনাবাহিনী ও সাংবাদিকদের অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করে। এর প্রতিবাদ করলে আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময় অনুসারীরা। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চিন্ময় অনুসারীরা।
Leave a Reply