চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরৎ পাঠানোর উদ্যোগ নেয়া উচিৎ ভারতের, বলেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরামর্শক টবি ক্যাডম্যান। জুলাই – আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে প্রসিকিউশন টিমের সাথে আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে তদন্ত সংস্থার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানের করতেই টবি ক্যাডম্যানকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম।
বৈঠক শেষে টবি ক্যাডম্যান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশ আন্তর্জাতিক মানের হয়েছে। তবে ট্রাইব্যুনাল আইনে আরও কিছু সংশোধনী আনা প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি। গত ২৪ নভেম্বর ঐ অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন টবি।
টবি বলেন, অভিযোগ গঠনের পর ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে বলে বিশ্বাস করি। তবে না দিলে প্রয়োজনে আইসিসির কাছে আবেদন করা হবে। বলেন, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে ট্রাইব্যুনাল সংস্কার করা হয়েছে। ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন টবি ক্যাডম্যান।
Leave a Reply