সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আদালতে হাজির করা হলে বিচারক উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও জামায়াত নেতা তারিক হত্যা মামলার আসামি হিসেবে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিন সকালে মেহেরপুর জেলা কারাগার থেকে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেয়া হয়। মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত জামায়াত নেতা তারিখ মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করে মেহেরপুর জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা থেকে তাকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। সড়ক পথে প্রিজনভ্যানে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কারাগারে আনা হয় ফরহাদ হোসেনকে। এসময় কারা এলাকাসহ শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে জেলা কারাগারসহ আশপাশে জোরদার করা হয় পুলিশী টহল। আদালতে তোলার সময়েও শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।
Leave a Reply