অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার যতটা ভ্যাট নির্ধারন করেছে, ব্যবসায়ীরা কিছু কিছু ক্ষেত্রে তারচেয়ে বেশি দাম বাড়িয়েছেন। এ বিষয়ে কয়েকদিনের মধ্যেই তাদের সঙ্গে বৈঠক হবে। বাজেটের সময়ও ভ্যাটের বিষয়ে দেখা হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এ সব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার এ জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে এটা সহনীয় মাত্রায় আসতে আরো অন্তত তিন মাস সময় লাগবে।
তিনি বলেন, অতি প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে, বাজারে কোন অবস্থাতেই এর ঘাটতি হতে দেওয়া যাবে না। অর্থ উপদেষ্টা আরও বলেন, ব্যাংকের অবস্থা খুবই নাজুক, কোনো টাকা নেই, তাই অর্থ যোগাতে সরকারকে অনেক বেগ পেতে হচ্ছে। বিশেষ তহবিল গঠন করে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে, এজন্য ভ্যাট একটু বাড়ানো হয়েছিল।
জুন মাসে মূল্যস্ফীতির স্বাভাবিক অবস্থা অর্থাৎ ৭ এর মতো হলে ভালো হয় বলে মনে করেন উপদেষ্টা। বলেন, শ্রীলঙ্কা আর বাংলাদেশের পরিস্থিতি এক নয়, একদমই আলাদা।
Leave a Reply