বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডার আয়োজনে আজ (৭ এপ্রিল) থেকে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে অংশ নেবেন চীন-যুক্তরাষ্ট্রসহ অর্ধশত দেশের বড় বড় বিনিয়োগকারীরা। অংশগ্রহণকারী শীর্ষ বিনিয়োগকারীদের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত শিল্প ও ডিজিটাল ইকোনমির মত খাতকে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা হবে এই সম্মেলনে।
বিনিয়োগ সম্মেলনে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সাথে বেসামরিক মহাকাশ অনুসন্ধান নিয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া, সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন, বহুজাতিক কোম্পানি স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাং-জু লি, কাপড়ের ব্র্যান্ড জিওর্ডানো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা কলিন মেলভিল কেনেডি কারি।
এ ছাড়া, এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও পাকিস্তানের দাউদ গ্রুপের ভাইস প্রেসিডেন্টের সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছে বিডা। এসব ব্যক্তির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, উবার, টেলিনর ও টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। চার দিনব্যাপী বিডার এই আয়োজন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
Leave a Reply