অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান। তেহরানে চলমান বিক্ষোভে সরকার গুলি চালালে, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের উদ্ধারে এগিয়ে আসবে; প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্য উস্কানিমূলক বলেও নিন্দা জানিয়েছে ইরান।
শুক্রবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের আচরণ শুধু আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন নয়, এটি ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং সাধারণ জনগণকে সহিংসতা ও সন্ত্রাসবাদে প্ররোচনা দেওয়ার সমান। প্রেসিডেন্ট ট্রাম্পের এ মন্তব্যের জেরে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে তেহরান। চিঠিতে ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বিক্ষোভ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানাতে জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানিয়েছেন।
গত সপ্তাহে তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে নেমে আসে। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু করে বাসিন্দারা। শুক্রবার টানা ষষ্ঠ দিনের বিক্ষোভে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকে হতাহত হলে, প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে কথা বলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।
Leave a Reply