আসন্ন নির্বাচন সামনে রেখে কেউ কেউ জান্নাতের কথা বলে ভোট চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ জান্নাতের কথা বলে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কি করবে সবাই বুঝে গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। এর আগে সভা থেকে এক কর্মীকে মঞ্চে ডেকে নিয়ে তার কাছ থেকে ওমরার অভিজ্ঞতা শুনে তাকে পাশে নিয়েই কথা বলতে থাকেন বিএনপির চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই, এখানে কারা (মাঠে উপস্থিত) ওমরা বা হজ করে এসেছেন, হাত তোলেন।
তখন মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তোলেন। তার মধ্যে থেকে একজনকে মঞ্চে আনা হয় এবং তারেক রহমান তাকে জিজ্ঞাসা করেন- আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে? তখন ওই ব্যক্তি বলেন, আল্লাহ, আল্লাহ।
তখন তারেক রহমান বলেন, আমরা সবাই মুসলমান। এই দিন-দুনিয়ায় যা দেখি, এই পৃথিবীর মালিক কে? তখন হজকারী ব্যক্তি বলেন আল্লাহ। তারেক রহমান প্রশ্ন রাখেন এই সূর্য, নক্ষত্র যা দেখি তার মালিক কে? বেহেশতের মালিক কে?
তারেক রহমান বলেন, আপনারা সবাই সাক্ষী দিলেন- দোজখ, বেহেশতের মালিক আল্লাহ। এই পৃথিবী, কাবার মালিক আল্লাহ। আরে ভাই যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দেবো, ওই দেবো বলছে, টিকেট দেবো, বলছে না?
তিনি আরও বলেন, যেটার মালিক মানুষ না, সেটার কথা যদি সে বলে, তাহলে কি শিরক করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু মাত্র আল্লাহর। কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে কেমন ঠকাবেন, এবার বোঝেন। শুধু ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে, নাউজুবিল্লাহ।
তারেক রহমান আরও বলেন, যারা বলছেন অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, তাদের ‘৭১ সালে দেশের মানুষ দেখেছে।
ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, কিছুদিন দেখছি, দেশের কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতি করা হচ্ছে। যারা পালিয়ে গেছে তারা যেমন ভোট ডাকাতি করেছিল, একইরকম ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব।
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নবী করিম (সা:) এর মতো ন্যায় পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করবে বিএনপি।
তারেক রহমান বলেন, বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। রাজনৈতিক, বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর অনেককে হারিয়েছি।
গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, এজন্য বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।
তিনি বলেন, উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে অর্থ লুট করে নেয়া হয়েছে। এই অবস্থার উন্নয়ন করতে চাই।
বিএনপির চেয়ারম্যান বলেন, যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে হত্যা করেছে। গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে।
লাখ লাখ মানুষের এই জমায়েতের জন্য হাজারো মানুষ ২০২৪ সালে জীবন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামীরা। ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতাকে রক্ষা করেছে।
নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচার মুক্ত হয়েছে। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে।
তিনি বলেন, নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল বিএনপি। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই।
একইদিন সিলেটের পর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জসহ বেশ কয়েটি স্থানে জনসভা ও পথসভা করবেন তারেক রহমান।
এর আগে বুধবার রাত আটটার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান বিএনপির চেয়ারম্যান। রাতেই তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। পাশাপাশি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান। এরপর তিনি দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান।
Leave a Reply