রাজধানীর মিরপুরে দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমাবেশ শুরু হয়েছে। এর মাধ্যমে দলটির নির্বাচনী প্রচারণাও আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ওই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ জনসমাবেশ শুরু হয়েছে।
ঢাকা-১৫ আসনের উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডা. শফিকুর রহমান।
নির্বাচনী আইন অনুযায়ী, বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সব দলের নির্বাচনী প্রচার। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে। এরই ধারাবাহিকতায় আজকের এই জনসমাবেশ থেকে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
এদিকে আগামীকাল থেকে রাজধানীর বাইরে প্রচারণায় নামবেন জামায়াতের আমীর। আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) ও শনিবার (২৪ জানুয়ারি) উত্তরবঙ্গের ৮ জেলায় নির্বাচনী সভা করবেন তিনি।
২৩ জানুয়ারি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে সমাবেশ করবেন। আর ২৪ জানুয়ারি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করে জনসভা করবেন ডা. শফিকুর রহমান। এরপর গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা হয়ে ঢাকায় ফিরবেন।
এরপর আগামী ২৫ জানুয়ারি (রবিবার) বেলা ১২টায় ঢাকা ৫, ৬ ও ৭ আসনে প্রচারণা চালাবেন তিনি।
Leave a Reply