জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে এ হামলা চালানো হয়।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আমন্ত্রিত অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার ওপর হামলা চালানো হয়।
এদিকে, ছাত্রশক্তির নেতা সামি আব্দুল্লাহ বলেন, দুপুর আনুমানিক ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
উল্লেখ্য, এর আগেও শনিবার (২৪ জানুয়ারি) ফজরের নামাজের পর টানা গণসংযোগ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ। তিনি জানান, সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ কার্যক্রম শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।
তিনি আরও জানান, সে সময় সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়। নাসীরুদ্দীন পাটওয়ারী সুস্থ বোধ করলে পুনরায় কর্মসূচি শুরু করা হবে এবং সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে।
ওই দিন সকালে শান্তিনগর বাজারে এক গণসংযোগে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, “আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা ভয় দেখাতে আসবে, ধৈর্য ও শান্তির সঙ্গে আমরা তাদের মোকাবিলা করব।”
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সেদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি ও নয়াপল্টন এলাকায় গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনী পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং পরে মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগের কথা ছিল।
Leave a Reply