কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ক্রুসহ ১৫ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা এই তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে সাতেনা জানায়, ভেঙে পড়া বিমানটি ছিল একটি বিচক্রাফ্ট (Beechcraft) ১৯০০ টুইন-প্রপেলার বিমান।
বিস্তারিত তথ্য না দিয়ে বিমান সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, ওই ফ্লাইটটি ‘মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে’। এই অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষটি খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে তারা। দুর্ঘটনাস্থলটি ভেনেজুয়েলার সীমান্তের খুব কাছাকাছি, পাহাড়ি ও দুর্গম অঞ্চলে।
বিমান সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ফ্লাইট এনএসই ৮৮৪৯ বুধবার কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে। এতে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন।
স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল বিমানটির। তবে অবতরণের নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
Leave a Reply