গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১৯ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম কর্নারে চলতি এপ্রিল মাসে ১৮৫ শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে রবিবার (১২ এপ্রিল) পর্যন্ত ৬৯ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে ৩৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গতকাল পর্যন্ত ২৩ শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস-রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মোট ৩২৮ শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটির বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।
চট্টগ্রাম জেলা হামের টিকাদান কর্মসূচির তালিকায় না থাকলেও জেলার সব উপজেলায় ‘কেস সার্চিং’ কার্যক্রম, টিকা থেকে বাদ পড়া শিশুদের টিকাদান এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।
Leave a Reply