দেশে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু ও আক্রান্ত হয়ে আরও এক শিশুসহ মোট চারজন প্রাণ হারিয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে রবিবার (১৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ঘটে। রবিবার (১৯ এপ্রিল) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৮০৪ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে ১৬৫ শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৪৮ জন শিশু রয়েছে।
এ সময় সারা দেশে মোট ১,১৯৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়, যাদের মধ্যে ৮০৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেরই ৫৬৩ জন শিশু।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৪৫ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৩০০ জন শিশু রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৩,৬০৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১৫,৩২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩,৪৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ১২,৩৯৬।
Leave a Reply