বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে এ তালিকায় স্থান পাননি অনেক আলোচিত প্রার্থী। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা এবং বেবী নাজনীনসহ পরিচিত বেশ কয়েকটি মুখ এবার সংরক্ষিত আসনের তালিকায় স্থান পাননি।
সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তালিকা প্রকাশ করেন। বাদ পড়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী।
এছাড়াও তালিকা থেকে বাদ পড়েছেন মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন, বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে।
Leave a Reply