যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা স্থায়ী আবাসনের আবেদনকারীদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। সাম্প্রতিক এক নির্দেশনাকে ঘিরে অভিবাসীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা দূর করে সংস্থাটি জানিয়েছে—আবেদন প্রক্রিয়া চলাকালে অধিকাংশ আবেদনকারীকে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে না।
এর আগে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)–এর এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘অস্বাভাবিক পরিস্থিতি’ ছাড়া স্থায়ী আবাসনের আবেদনকারীদের নিজ দেশে ফিরে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হতে পারে। এই বক্তব্য প্রকাশের পর অভিবাসী, নিয়োগকর্তা এবং অভিবাসন আইনজীবীদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয়।
দ্য নিউ ইয়র্ক টাইমস্–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিএইচএস এখন স্পষ্ট করেছে যে অভিবাসন নীতিতে কোনো মৌলিক পরিবর্তন আনা হয়নি। দীর্ঘদিন ধরেই অভিবাসন কর্মকর্তাদের কাছে মামলাভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে—কোনো আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কি না, তা তারা পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করতে পারেন।
বর্তমান ব্যবস্থায় যোগ্য অভিবাসীরা ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিন কার্ডের আবেদন করতে পারেন। সাধারণত নিয়োগকর্তা বা পরিবারের সদস্যদের স্পন্সরশিপের ভিত্তিতে এই আবেদন করা হয়।
বিতর্কের সূত্রপাত হয় যখন ইউএসসিআইএসের মুখপাত্র জ্যাক চালার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রসঙ্গ টেনে বলেন, অধিকাংশ আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার এই মন্তব্য প্রকাশ করে ব্লুমবার্গ, যা দ্রুত উদ্বেগ ছড়িয়ে দেয়।
তবে ডিএইচএসের সর্বশেষ ব্যাখ্যায় পরিষ্কার করা হয়েছে, ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ার মূল কাঠামো বহাল রয়েছে এবং অধিকাংশ আবেদনকারী আগের মতোই যুক্তরাষ্ট্রে অবস্থান করে আবেদন প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন। ফলে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য এটি বড় ধরনের স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস্, ব্লুমবার্গ
Leave a Reply