বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(ঘ)(আ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই নিয়োগের মূল উদ্দেশ্য হলো ব্যাংকের বর্তমান আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, গ্রাহকদের গচ্ছিত আমানতের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণ করা এবং বৃহত্তর জনস্বার্থে ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষক মোহাম্মদ আশরাফুল আলম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অংশগ্রহণসহ প্রাসঙ্গিক সব কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন। তিনি ব্যাংকের দৈনন্দিন ও কৌশলগত কার্যক্রম সম্পর্কে নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংককে তথ্য ও প্রতিবেদন প্রদান করবেন।
ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ ইসলামী ব্যাংকের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আস্থাশীল করবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় সুশাসন আরও সুদৃঢ় হবে।
Leave a Reply