মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার সমঝোতা স্মারকে ডিজিটাল স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্প ও পেজেশকিয়ানের স্বাক্ষরের পর স্মারকটিতে সই করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ।
বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, সমঝোতা স্মারকের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে— ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত বন্ধ করা হবে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে।
তবে আসছে শুক্রবার চুক্তি চূড়ান্ত হওয়ার পর হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হলেও সেটি যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না বলে স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনে নতুন নীতিমালার আওতায় তেহরান হরমুজ প্রণালী পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে।
এদিকে, সমঝোতা স্মারকে লেবাননে যুদ্ধ বন্ধের কথা উল্লেখ থাকলেও দেশটির বিভিন্ন অঞ্চলে ইসরাইলের হামলা এখনও অব্যাহত রয়েছে। ফলে যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
তবে এমন পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারকে ডিজিটাল স্বাক্ষরের ঘটনাকে ‘বড় বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। তার মতে, এই সমঝোতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।
Leave a Reply