দিল্লি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের ফেরত আসা নিয়ে অবশেষে মুখ খুললো ভারত।
মঙ্গলবার (২৩ জুন) এ বিষয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ব্যক্তিগত পাসপোর্ট এবং সার্ক ভিসা নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন। অভিবাসন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের পর ভারতে প্রবেশের অনুমতি দেন। তবে তিনি নিজ সিদ্ধান্তে সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে যান।
এর আগে, গত ১৪ জুন ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সেখানে পৌঁছেই ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে আড়াই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। পরে দিল্লিতে প্রবেশ না করেই ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই ঘটনা কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দেয়।
ঢাকায় ফিরে সাংবাদিকদের ডা. জাহেদ জানান, সেখানে তাকে আটকে রাখা হয়নি। একটা জায়গায় বসতে দেওয়া হয়েছিল। পরে তাকে আন্তরিকতার সঙ্গে ভারতে প্রবেশের অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে ইন্সট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সে কারণে আমি ফেরত আসার সিদ্ধান্ত নিই। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি। কিন্তু আমি ওই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে দেশে ফেরত আসি।
Leave a Reply