বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান টেটকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) তাদের আটক করে যুক্তরাষ্ট্রের মার্শালস সার্ভিস।
জানা গেছে, যুক্তরাজ্যে নতুন করে আনা ধর্ষণ, যৌন নিপীড়নের উদ্দেশ্যে মানবপাচারে সহায়তা, হামলা এবং শিশুদের অশ্লীল ছবি-সংক্রান্ত অভিযোগে তাদের প্রত্যর্পণ চাচ্ছে ব্রিটিশ কর্তৃপক্ষ।
মার্শালস সার্ভিস জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা গোপনীয় থাকায় অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে টিএমজেড প্রকাশিত ভিডিওতে দুই ভাইকে হাতকড়া পরিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তোলা হতে দেখা গেছে।
যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, বেডফোর্ডশায়ার পুলিশের নতুন প্রমাণের ভিত্তিতে টেট ভাইদের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ আনা হয়েছে। এতে মামলায় অভিযোগকারীর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।
এর আগে ২০১৪ ও ২০১৫ সালের ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের তদন্তও পুনরায় শুরু করে যুক্তরাজ্যের পুলিশ। এছাড়া মানবপাচার, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগেও তারা তদন্তের মুখে রয়েছেন।
তবে অ্যান্ড্রু ও ট্রিস্টান টেট তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ব্রিটিশ-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক এই দুই ভাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবেও পরিচিত। সূত্র: এএফপি
Leave a Reply