সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
রবিবার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের অন্যতম প্রধান চালিকাশক্তি। গত ১৭ বছরে প্রশাসনের রাজনীতিকরণের যে ধারা তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করুন।’
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজে না এলে শুধু আনুষ্ঠানিক কর্মশালা আয়োজনের কোনো যৌক্তিকতা নেই। পাশাপাশি সঠিক নীতি প্রণয়নের স্বার্থে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক শিল্প গড়ে তোলার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। তিনি জানান, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, নীতি প্রণয়ন সরকারের দায়িত্ব, আর সেই নীতির আলোকে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা প্রশাসনের কাজ। নির্বাচিত সরকারের নির্বাচনী অঙ্গীকার ও ৩১ দফা কর্মসূচি বিধি অনুযায়ী বাস্তবায়ন করাই সরকারি কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব।
Leave a Reply