চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংছিং শহরে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৫০ জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে দিন-রাত অভিযান চালালেও জীবিত কাউকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গত শুক্রবার (২৪ জুলাই) পেংশুই কাউন্টিতে পাহাড় ধসে পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে। এতে বহু মানুষ মাটিচাপা পড়েন। ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিশাল পাথর ও মাটির স্তূপ একটি আবাসিক এলাকা এবং সড়ক ঢেকে ফেলেছে। তবে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ, বড় বড় পাথর, সীমিত কর্মপরিসর এবং পাহাড়ের অস্থিতিশীল ঢালের কারণে উদ্ধারকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
পেংশুই কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের শনাক্তে একাধিক ধাপের অনুসন্ধান শেষ হলেও এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিখোঁজদের মরদেহ উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। এর আগে মৃতের সংখ্যা আট এবং নিখোঁজ ৩৪ জন বলে জানানো হয়েছিল। এরও দুই সপ্তাহ আগে চীনের গানসু প্রদেশে আরেকটি ভূমিধসে ২১ জন নিহত হয়। ফলে দেশটিতে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সূত্র: এএফপি
Leave a Reply