বিসিএসের নন-ক্যাডার পদে সুপারিশের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো আইনি বাধা নেই বলে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত বলেছেন, বিদ্যমান বিধিমালা অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করা পিএসসির জন্য বাধ্যতামূলক।
রবিবার (২ আগস্ট) এ সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
এর আগে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় পিএসসির কিছু কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কয়েকশ প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে গত ২৫ জুন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
শুনানিতে পিএসসির পক্ষ থেকে বলা হয়, পরবর্তী বিসিএসের ফল প্রকাশের পর আগের বিসিএসের নন-ক্যাডার পদে আর সুপারিশ করা যায় না।
তবে আদালত ওই যুক্তি গ্রহণ না করে রায়ে উল্লেখ করেন, ২০২৩ সালের নন-ক্যাডার নিয়োগ বিধিমালা অনুযায়ী সুপারিশ কার্যক্রম অব্যাহত রাখতে কোনো আইনি বাধা নেই। পাশাপাশি রায়ের ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply