সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু কর্মী তাকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে তার নাম ও ছবি ব্যবহার করে ওষুধ, স্লিমিং পণ্যসহ বিভিন্ন চিকিৎসাসেবা বিক্রির নামে প্রতারণা করা হচ্ছে।
শনিবার (৮ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, কিছু আওয়ামী কর্মী তাকে হেয় ও বিব্রত করার উদ্দেশ্যে এ ধরনের প্রচার চালাচ্ছেন। তিনি জানান, তিনি মেডিসিনের চিকিৎসক; তবে ‘যৌন ডাক্তার’ শব্দটিকে অপমানসূচকভাবে ব্যবহার করার বিরোধিতা করেন তিনি।
তাসনিম জারা বলেন, যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের পেশাকে গালি হিসেবে উপস্থাপন করা উচিত নয়। তার মতে, যৌনস্বাস্থ্য নিয়ে সংকোচের কারণে অনেক মানুষ চিকিৎসকের কাছে যান না এবং ভুল চিকিৎসা বা ওষুধের শিকার হন।
তবে বিষয়টি নিয়ে এবার প্রকাশ্যে কথা বলার কারণ হিসেবে তিনি জানান, এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে একটি স্ক্রিনশট পাওয়ার পর তিনি দেখতে পান, তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ১৬০টি বিজ্ঞাপন চলছে। এসব বিজ্ঞাপনে অশ্লীল বক্তব্যের পাশাপাশি ওষুধ, স্লিমিং পণ্য ও বিভিন্ন চিকিৎসাসেবা বিক্রির প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
তাসনিম জারা স্পষ্ট করে বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কখনো কোনো ওষুধ, স্লিমিং পণ্য বা চিকিৎসা বিক্রি করেননি। তার নাম বা ছবি ব্যবহার করে এমন কোনো পণ্য বা সেবা বিক্রি করা হলে সেটি প্রতারণা।
গর্ভবতী মায়েদের জন্য তৈরি ‘Shohay Pregnancy’ অ্যাপেও কোনো ওষুধ বা চিকিৎসাপণ্য বিক্রি হয় না বলেও জানান তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে প্রচারিত কোনো পণ্য না কিনতে এবং অন্যদেরও সতর্ক থাকার আহ্বান জানান।
যৌনস্বাস্থ্য নিয়ে সমস্যায় থাকা মানুষকে সংকোচ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক।
Leave a Reply