আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে। প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম যখন শেষ পর্যায়ে পৌঁছে যায় কিংবা রায় ঘোষণার অপেক্ষায় থাকে, তখন নাশকতার চেষ্টা হতে পারে—এমন কিছু গোপন তথ্য তাদের কাছে রয়েছে।
তিনি বলেন, ‘যখনই প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে অথবা রায় অপেক্ষমাণ আছে, ঠিক সেই মুহূর্তে এখানে স্যাবোটাজ বা নাশকতা করার একটি প্রক্রিয়া থাকতে পারে বলে আমাদের কাছে কিছু গোপন তথ্য আছে।’
নিরাপত্তা জোরদারের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম। বর্তমানে তারাই ট্রাইব্যুনালের নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।
তিনি আরও বলেন, বিচারিক কার্যক্রমের শেষ পর্যায়ে এসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে লক্ষ্যেই বিশেষ নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply