হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রথম দিন এই টার্মিনাল দিয়ে ২০টি উড়োজাহাজ চলাচল করবে বলেও জানান তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান বিমানমন্ত্রী।
মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল পরিচালনার আয় থেকে ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। আর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
তিনি জানান, ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে। এ সময়ের মধ্যে টার্মিনালের সব কার্যক্রম ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয় ২০১৭ সালে। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকার ৫ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ থেকে জোগান দেওয়া হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। তখন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি।
এবার ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়ার পাশাপাশি আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে থার্ড টার্মিনালের পুরো কার্যক্রম চালুর কথা জানিয়েছেন বিমানমন্ত্রী।
Leave a Reply