বিএনপি সরকার আওয়ামী লীগের মতো দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট হয়ে গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘এখন স্বৈরাচার ও চাঁদাবাজ এক হয়েছে। তারা দেশ ধ্বংসের নীলনকশা করছে।’ রাজনৈতিক পরিবর্তনের পরও জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের প্রত্যাশা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না।’
তিনি আরও অভিযোগ করেন, একসময় যারা অর্থ পাচার করেছিল, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছে। বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কারের আহ্বানও জানান তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে ওঠায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রশাসনের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে। এ সময় তিনি স্বৈরাচারী সরকারের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ক্ষমতা চিরকালের জন্য নয়।’
আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ নাগরিক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন।
সভায় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
Leave a Reply