যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে পুঁজিবাজারে। বৃহস্পতিবার এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলারের বাজার মূলধন কমে গেছে। এর ধাক্কা ছড়িয়ে পড়েছে বিশ্ববাজারেও।
শুক্রবার (৬ নভেম্বর) লেনদেন শুরুর পর দক্ষিণ কোরিয়ার প্রধান সূচক কেওএসপিআই প্রায় ৯ শতাংশ কমে যায়। পরিস্থিতি সামাল দিতে দেশটির প্রধান স্টক এক্সচেঞ্জে ২০ মিনিটের জন্য লেনদেন বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের প্রধান সূচক নাসডাক কমেছে ৫ দশমিক ৫২ শতাংশ। ডাও জোনস সূচকও কমেছে ১ হাজার ৮৩৩ পয়েন্ট। অথচ এর আগের দিনই নির্বাচনের পর সূচকগুলোতে বড় উত্থান দেখা গিয়েছিল।
বিনিয়োগকারীদের উদ্বেগের অন্যতম কারণ টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনাহোসের জয়। এআই খাতের গুরুত্বপূর্ণ কেন্দ্র টেক্সাসে গুগল, মেটা, ওরাকল ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠান তথ্যকেন্দ্র নির্মাণে বিপুল বিনিয়োগ করছে।
বৃহস্পতিবার এনভিডিয়ার শেয়ারের দাম ৯ দশমিক ৩ শতাংশ এবং টেসলার ১১ শতাংশ কমেছে। সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর সূচক কমেছে ১২ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া নাসডাক-১০০ সূচকের পতন হয়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ, যা ২০২০ সালের মার্চের পর এক দিনে সর্বোচ্চ। সূত্র: রয়টার্স
Leave a Reply