যুক্তরাষ্ট্রের ফুটবল মাতিয়ে বেড়ানো লিওনেল মেসির জাদুতে এবার ইউএস ওপেন কাপেরও ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। সেমিফাইনালের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে সিনসিনাটি এফসিকে ৫-৪ ব্যবধানে হারায় মেসির দল।
মেসির ছোঁয়ায় আমুল বদলে যাওয়া মায়ামির সামনে আরেকটি শিরোপার হাতছানি। চ্যালেঞ্জটা নিয়েই বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে ইউএস ওপেন কাপের সেমিফাইনাল খেলতে নামে মেসির দল।
‘লিগস কাপ’ দিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ পাওয়া মায়ামি ১৮ মিনিটে গোল হজম করে প্রথমার্ধে পিছিয়ে থেকে ১-০’তে। সিনসিনাটির গোলদাতা লুমিয়ানো আকোস্তা। ৫৩ মিনিটে স্বাগতিকরা ব্রান্ডন ভাসকুয়েসের গোলে ব্যবধান ২-০ করে নেয়। ৬৮ মিনিটে মেসির জাদু। আর্জেন্টাইন ফুটবল মহাতারকার মাপা ফ্রি-কিক থেকে লিওনার্দো কাস্পনার হেডে গোল। প্রাণ ফিরলো ম্যাচে। যোগ করা সময়ের সপ্তম মিনিটে মেসির ফের জাদু।
এবার বাঁ-দিক থেকে তার নিখুঁত ক্রসে ইকুয়েডর ফরোয়ার্ডের ফের হেডে গোল। অতিরিক্ত সময়ের শুরুতে মায়ামি জোসেফ মার্তিনেসের গোলে এগিয়ে গেলে ১১৪ মিনিটে সিনসিনাটির জাপানিজ মিডফিল্ডার ইয়ুয়া কুবে সমতাসূচক গোল পান। টাইব্রেকারে বাজিমাত মায়ামির। মেসিসহ পাঁচ খেলোয়াড়ই শুটআউট লক্ষ্যে রেখে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
Leave a Reply