গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বেন ডাকেটের রেকর্ডগড়া ইনিংসের ওপর ভর করে ৩৫১ রানের রেকর্ড সংগ্রহ পায় ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে নিজের মাতৃভূমির বিপক্ষেই হার না মানা এক সেঞ্চুরি উপহার দেন জস ইংলিশ। তার অপরাজিত ১২০ রানের ওপর ভর করে ১৫ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।
জশ ইংলিশের জন্ম ইংল্যান্ডের ইয়র্কশায়ারে ১৯৯৫ সালের ৪ মার্চ। তার ক্রিকেটের হাতেখড়ি জন্মভূমি ইংল্যান্ডেই। ইয়র্কশায়ার একাডেমিতেও তিনি ক্রিকেট খেলেছেন। সেই ইংলিশের সেঞ্চুরিতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১২০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে এদিন রেকর্ডবুকে নাম লেখান ইংলিশ ওপেনার বেন ডাকেট। ১৪৩ বলে খেলেন ১৬৫ রানের ইনিংস, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। শুধু তাই নয়, নিজের ওডিআই ক্যারিয়ারেও এটি তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। রেকর্ড এখানেই শেষ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দলীয় সংগ্রহের রেকর্ডও করে ইংল্যান্ড। তবে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করে অস্ট্রেলিয়া। ইংলিশদের ৩৫১ রান চেজ করে জয় তুলে নেয় অজিরা।
অস্ট্রেলিয়া বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই গুরুত্বপূর্ণ দুই ব্যাটারকে হারায়। ৫ বলে ৬ রান করা ট্রাভিস হেডকে সাজঘরে ফেতর পাঠান জফরা আর্চার। অধিনায়ক স্টিভ স্মিথকে শিকার করেন মার্ক উড। ৬ বলে ৫ রান করে ডাকেটের হাতে ক্যাচ দেন এই ব্যাটার। স্কোরবোর্ডে ২৭ রান তুলতেই এই দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে অজিরা।
অস্ট্রেলিয়া তৃতীয় উইকেট জুটিতে শর্ট এবং লাবুশেনের ব্যাটে চাপ সামাল দিয়ে ঘুরে দাঁড়ায়। ৪৫ বলে ৪৭ রান করে লাবুশেন আউট হলে ভাঙে তাদের ৯৫ রানের জুটি। আদিল রশিদের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর ম্যাথিউ শর্টও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৬ বলে ৬৩ রান করা এই ব্যাটারকে ফেরান লিভিংস্টোন।
১৩৬ রানে ৪ উইকেট হারিয়ে তখন খাদের কিনারায় অস্ট্রেলিয়া। জশ ইংলিশ এবং অ্যালেক্স ক্যারি সেখান থেকে দলকে এগিয়ে নিতে থাকেন। ১৪৬ রান দুজনের জুটি থেকে আসে। কার্সের বলে মিড অফে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে অ্যালেক্স ক্যারি ফিরলে ভাঙে তাদের জুটি।
ইংলিশ ও ম্যাক্সওয়েল এরপর আর কোনও অঘটন ঘটতে দেননি। দুজনে মিলে ১৫ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ইংলিশ অপরাজিত থাকেন ১২০ রানে। অন্য প্রান্তে ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন ১৫ বলে ৩২ রানে। ইংল্যান্ডের হয়ে মার্ক উড, জফরা আর্চার, কার্স, আদিল রশিদ ও লিভিংস্টোন একটি করে উইকেট নেন।
এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইংলিশদের শুরুটাও খুব একটা ভালো হয়নি। স্কোরবোর্ডে ১৩ রান যোগ হতেই ফিলিপ সল্টের উইকেট হারায় ইংল্যান্ড। বেন দ্বারশুইশের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।
তবে এক প্রান্ত আগলে রেখে অজি বোলারদের একাই শাসন করতে থাকেন বেন ডাকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান এখন তার দখলে। এর আগে ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের অ্যাস্টলে। ২০০২ সালে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ভারতের বিপক্ষে করেছিলেন ১৪৫ রান। এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে যৌথভাবে তাদের দুজনের ১৪৫ রানের ইনিংসটাই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত।
এদিন বেন ডাকেট এবং জো রুট ছাড়া আর কোনও ব্যাটার নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি। ৭৮ বলে ৬৮ রান করে আউট হয়েছেন রুট। অ্যডাম জাম্পার বলে এলবিডব্লিউ-এর শিকার হয়ে ফেরেন এই ব্যাটার।
তিন নম্বরে নামা জেমি স্মিথ আউট হয়েছেন ১৩ বলে ১৫ রান করে। হ্যারি ব্রুকও ব্যর্থ হয়েছেন এদিন। ৬ বলে ৩ রান করে অ্যাডাম জাম্পার বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।
উইকেটে থিতু হয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি জস বাটলার। ২১ বল খেলে ২৩ রান করা এই ব্যাটারকে সাজঘরে ফেরান ম্যাক্সওয়েল। লিয়াম লিভিংস্টোন ফিরেছেন ১৪ রান করেই। দ্বারশুইসের বলে নাথান এলিসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শেষ দিকে জফরা আর্চারের ১০ বলে ২১ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করে তারা।
বেন দ্বারশুইস অজিদের হয়ে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া জাম্পা পেয়েছেন ২ উইকেট এবং ম্যাক্সওয়েল নিয়েছেন ১টি উইকেট।
Leave a Reply