দক্ষিণ আফ্রিকার ইতিহাসের মধ্যে দিয়ে শেষ হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ সাইকেল। আগামী ২০২৫-২০২৭ সাইকেল শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের মধ্যে দিয়ে। এই সিরিজে খেলতে লঙ্কা সফরে গিয়েই জ্বরে পড়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
আগামী মঙ্গলবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হতে যাচ্ছে। সিরিজ সামনে রেখে আজ রবিবার গলে প্রথমবার অনুশীলনে নামে বাংলাদেশ দল। সবাই থাকলেও প্রথম দিনের অনুশীলনে ছিলেন না মিরাজ। নিয়ে জানা গেছে, জ্বরের কারণে এদিন অনুশীলনে যোগ দিতে পারেননি মিরাজ।
পরে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান কোচ ফিল সিমন্স জানান, মিরাজের জ্বর, তবে গত কয়েক দিনের চেয়ে আজ সকালে ভালো দেখেছি ওকে। চিকিৎসা চলছে। আশা করি কাল সে প্র্যাকটিস করতে পারবে।
মিরাজের অসুস্থতায় দলের কম্বিনেশনে কোনো ঘাটতি হবে কীনা তা নিয়ে সিমন্স জানান, মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক। তবে এটাও জানে, সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে। একটু দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকা ভালো।
আগামী মঙ্গলবার (১৭ জুন) গল স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৫ জুন সিংহলীতে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে দুদল।
Leave a Reply