দিনের আলো ফোটার আগে থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, তা চলছে দিনভর। রাজধানীজুড়ে এই বৃষ্টিই রূপ নিয়েছে ভোগান্তিতে। কোথাও কোথাও বৃষ্টি জমে সড়কে যান চলাচল ধীর হয়েছে। শ্রমজীবী মানুষ পড়েছে চরম দুর্ভোগে। তবে সহসাই শেষ হচ্ছে না এমন বৃষ্টিপাত। থাকবে টানা আরও কয়েকদিন।
বুধবার (২৯ এপ্রিল) রাতের ঘন কালো মেঘ কেটে ভোরের আলো ফুটতেই শুরু হয় বৃষ্টি। প্রথমদিকে স্বস্তির পরিবেশ থাকলেও পরে টানা মুষলধারে বৃষ্টিতে পরিস্থিতি বদলে যায়। রাস্তায় যান চলাচল ধীর হয়ে পড়ায় নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই ধরনের বৃষ্টিপাত আরও পাঁচদিন অব্যাহত থাকতে পারে। সতর্কতাস্বরূপ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অধিদফতর আরও জানিয়েছে, দেশের সব বিভাগেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার — পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
Leave a Reply