ঘরের মাঠে টেস্ট সিরিজে এর আগে এমন চাপে অস্ট্রেলিয়া বহুদিন পড়েনি। কিন্তু বাংলাদেশের সামনে এখন সিরিজ খোয়ানোর শঙ্কা তাদের। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। বাংলাদেশের কাছে সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার।
এমন সমীকরণের ম্যাচটি শুরু হবে আগামীকাল ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। এই ম্যাচের একাদশ এরই মধ্যে ঘোষণা করেছে স্বাগতিকরা। সেখানেই দেখা গেছে একটি পরিবর্তন। ওপেনার জেক ওয়েদারল্ডের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ম্যাট রেনশ।
এ ওপেনার ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৩৭ বলে ২৩ এবং দ্বিতীয় ইনিংসে ৩ বলে কোনো রান করেই ফিরে যান সাজঘরে। যা অস্ট্রেলিয়ার রানের চাকায় বড় আঘাত হানে। আর দুই ইনিংসেই হাসান মাহমুদের বলে পরাস্ত হন ওয়েদারল্ড।
তার পরিবর্তে সুযোগ পাওয়া ম্যাট রেনশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাংলাদেশের মাটিতে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও ফ্লপ ছিলেন তিনি। মিরপুরে দুই ওয়ানডেতে কোনো রানই করতে পারেননি। চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টিতে যথাক্রমে করেছিলেন ১৮, ৮৯* ও ৬* রান।
তবে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ৩ বছর আগে। ওই বছর তিনটি টেস্ট খেলে করেছিলেন মাত্র ৯ রান। টেস্ট ক্যারিয়ারে মোট ১৪টি ম্যাচে খেলেছেন ২৪ ইনিংস। ২৯.৩১ গড়ে করেছেন ৬৪৫ রান। একটি সেঞ্চুরি (১৮৪) ও তিনটি হাফ সেঞ্চুরি।
অস্ট্রেলিয়া একাদশ: ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, লিটন দাস ও শরিফুল ইসলাম।
Leave a Reply