২০২৩ সালকে বিদায় জানিয়ে ২০২৪-এ পা রেখেছে বিশ্ব। গেলো বছরের ফুটবল হালখাতায় দেখা যাচ্ছে, গোল করার দিক থেকে বছরটাতে সবার সেরা ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই তালিকায় শীর্ষ দশেও নেই আরেক ফুটবল মহাতারকা আর্জেন্টিনার লিওনেল মেসি।
গেলো বছর সৌদি ক্লাব আল নাসর ও দেশের জার্সিতে ৫৯ ম্যাচ খেলেছেন রোনালদো। ৩৮ বছরের পর্তুগিজ সুপারস্টার ৫৪ গোল করে বছর শেষে গোলদাতাদের তালিকায় শীর্ষস্থান পেয়েছেন। অন্যদের করা ১৫টি গোলে অবদান রেখেছেন আল নাসর ও পর্তুগালের অধিনায়ক।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি বছরটাতে ৪৪ ম্যাচ খেলে গোল করেছেন ২৮টি। ফরাসি ক্লাব পিএসজি ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির সঙ্গে দেশের হয়ে খেলা ম্যাচগুলোতে অ্যাসিস্ট তার ১২টি। শীর্ষ দশে জায়গা হয়নি ৩৬ বছরের ফুটবল মহাতারকার।
ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের অবস্থান দুইয়ে। ৫৩ ম্যাচে ৫২ গোল করেছেন পিএসজির ২৫ বছর বয়সী ফরাসি তারকা। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে খেলা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ৫৭ ম্যাচে ৫২ গোল করে তালিকার তিনে স্থান পেয়েছেন।
চতুর্থ স্থানে বছরের আলোচিত তরুণ ফুটবলার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। নরওয়ের ২৩ বছরের এই ফরোয়ার্ড ৬০ ম্যাচে ৫০ গোল করেছেন।
Leave a Reply