বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সাভারের আমিনবাজার আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকেই অবস্থান করছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরের দিকে আ.লীগ কার্যালয়ের পাশে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বিস্ফোরিত বেশ কিছু সদৃশ বস্তু উদ্ধার করে।
শনিবার দুপুরে আমিনবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন শাহ আলম ফিলিং স্টেশনের পাশ থেকে ককটেল ও ককটেলের সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এছাড়া সাভারের নবীনগর-নিরিবিলি এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিকালে ঢাকা-আরিচা মহাসড়কে র্যাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজধানীর প্রবেশমুখে বিএনপি বেলা ১১টা থেকে ৫ ঘণ্টার ‘অবস্থান’ কর্মসূচি পালনের কথা ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর প্রবেশ মুখে আমিনবাজার এলাকায় পুলিশ অবস্থান নিয়েছিল। পাশাপাশি সাভার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকে আমিনবাজার আওয়ামী লীগ কার্যালয় অবস্থান নেয়। দুপুরের দিকে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বিকট শব্দে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর প্রবেশপথে বিএনপির ‘অবস্থান’ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু অবস্থান কর্মসূচির জন্য বিএনপি পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। বিষয়টি জানতে পেরে সাভারের আমিনবাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর প্রবেশ পথ আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান করেন।
দুপুরের দিকে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের কাছাকাছি চারটি ককটেল বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরের দিকে বিকট শব্দে পরপর চারটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেলের ধোয়ায় চারজন যুবক দৌড়ে পালাতে দেখা যায়। পুরো এলাকা ধোয়া থাকার কারণে তাদেরকে চেনা যায়নি।
অন্যদিকে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন নিরিবিলি এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সোয়া ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে র্যাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে ৩০-৩৫ জনের একটি মিছিল নিয়ে যাচ্ছিলেন বিএনপির কর্মীরা। এর কিছুক্ষণ পর মহাসড়কে চলাচলরত দুটি যাত্রীবাহী বাসে কেউ ভাঙচুর শুরু করে। এরপর র্যাব ক্যাম্পের পাশে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে। বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের দাবি বিএনপির মিছিল থেকে বাস ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণের পর বাকি ককটেলগুলো ফেলে পালিয়ে গেছে দুষ্কৃতকারীরা। পরে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া বাস ভাঙচুর ও বাসে অগ্নি সংযোগের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।
Leave a Reply