‘ভিনিসিউস’ জাদুতে কোপা আমেরিকায় রাজার মতোই ফিরলো ব্রাজিল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শনিবার (২৮ জুন) রিয়াল মাদ্রিদ তারকার জোড়া গোলে প্যারাগুয়েকে ৪-১’এ উড়িয়ে দেয় দরিভাল জুনিয়রের দল। মঙ্গলবার গ্রুপ শীর্ষে ওঠার চ্যালেঞ্জে কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।
লাস ভেগাসের নেভাদায় বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় ‘ডি’ গ্রুপের ম্যাচটি। প্যারাগুয়ের বিপক্ষে শুরুতেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর তীব্র সমালোচনার মুখে পড়া ভিনিসিয়ুস জুনিয়রও শুরু থেকে গতিময় ও প্রত্যয়ী ফুটবল খেলতে থাকেন। আক্রমণের পর আক্রমণে ৩০ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় দরিভাল জুনিয়ের দল। লুকাস পাকেতা শট বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। চার মিনিট পরেই ভিনিসিউস দারুণ ফিনিশিংয়ে এগিয়ে নেন দলকে। গোল খেয়ে জেগে ওঠার চেষ্টা করা প্যারাগুয়ে ৪৩ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। রদ্রিগোর শট রক্ষণে প্রতিহত হলে ফিরতি বল জালে জড়ান সেভিও। বিরতির আগ মুহূর্তে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল আদায় করে নেন ভিনিসিয়ুস। রদ্রিগোকে ঠেকিয়ে দেওয়ার পর ছুটে গিয়ে দারুণ শটে ঠিকানা খুঁজে নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ওমর আলদারেতের দুর্দান্ত এক গোলে ব্যবধান ৩-১ করে প্যারাগুয়ে। ৬৩ মিনিটে ফের হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টিতে পাকেতা গোল করে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন।
Leave a Reply