বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ও নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। পাকিস্তানে চলমান রাওয়ালপিন্ডি টেস্টের মধ্যেই এই মামলা হয়েছে সাকিবের নামে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে আদাবর থানায় মামলাটি করা হয়। ওই দিন টেস্টের দ্বিতীয় দিন খেলছিল সাকিবরা।
গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ডিএমপির আদাবর থানায় সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করা হয়। নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আদাবর থানা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মামলার বিষয়ে নিশ্চিত করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে একই মামলায়। ২৮ নম্বর আসামির জায়গা লেখা রয়েছে মো. সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা: মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা।
উল্লেখ্য, সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন।
Leave a Reply