কুমিল্লায় স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য, যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সাড়ে তিন হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ৮২ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার।
কুমিল্লায় এবার ভয়াবহ বন্যায় ৩ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮২ হাজার ৭৭৫টি ঘর। এর মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে যায় ৮ হাজার ৬৭৪টি ঘর। অধিকাংশ পরিবারই বাড়ি মেরামত করতে না পারায় বসবাস করছে খোলা আকাশের নিচে।
প্রাথমিক তথ্যে জেলায় মৎস্য খাতে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন।
ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের কৃষি প্রণোদনা, বিনামূল্যে সার ও বীজ বিতরণ, ক্ষুদ্রঋণ সহায়তাসহ সার্বিক সহযোগিতা করার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আইউব মাহমুদ।
বন্যায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়ে অগ্রাধিকার ভিত্তিতে গৃহহীনদের পুনর্বাসন করার কথা জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী।
বন্যায় বাড়িঘর সব হারিয়ে পথে বসা মানুষগুলোর মাথা গোঁজার ঠাঁইসহ দ্রুত স্বাভাবিক জীবনযাপনে ফিরতে সরকারি সহায়তা কামনা করছেন ক্ষতিগ্রস্তরা।
Leave a Reply