বৃষ্টির কবলে পড়া কানপুর টেস্টে অবশেষে চতুর্থ দিনে এসে ফের মাঠে গড়িয়েছে খেলা। ভারতের বিপক্ষে প্রথম ইনিংস ব্যাটিং করছে বাংলাদেশ। কানপুরের গ্রিন পার্কে শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ১৬৫ রান।
গত শুক্রবার মাঠে গড়ায় সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি। টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৩৫ ওভারে তিন উইকেট হারিয়ে ১০৭ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে পরের দুই দিনেও মাঠে গড়ায়নি খেলা। অবশেষে চতুর্থ দিনে যথা সময়ে শুরু হয় খেলা। কিন্তু, দিনের ষষ্ঠ ওভারে মুশফিকুর রহিম দৃষ্টিকটু আউট হয়ে মুমিনুল হককে ছেড়ে যান।
ইনিংসের ৪১তম ওভারে জাসপ্রিত বুমরাহর করা দ্বিতীয় বলটি অফস্টাম্প থেকে ভেতরে ঢুকে পড়েছিল। মুশফিক সেই বল ছেড়ে দিলে তা আঘাত করে স্টাম্পে। তাতে ৩২ বল খেলা মুশফিক সাজঘরে ফেরেন ১১ রানে। ১১২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ৪০ রান নিয়ে ব্যাটিংয়ে নামা মুমিনুল হকের সঙ্গে জুটি বাধতে আসেন লিটন দাস। দ্রুতই হাফ সেঞ্চুরির মাইলফলক পার হন মুমিনুল। ৬৫ টেস্টে ১২ সেঞ্চুরির সঙ্গে এটি তার ২০তম হাফ সেঞ্চুরি।
এরপরই লিটনকে ফেরান মোহাম্মদ সিরাজ। ১৪৮ রানে পঞ্চম উইকেট হারায় টাইগাররা। লিটন ১৩ করে ফেরার পর সাকিব আল হাসান উইকেট আসেন।
উল্লেখ্য যে, দুই ম্যাচের সিরিজে চেন্নাইয়ে প্রথম টেস্ট ২৮০ রানে জিতেছে ভারত।
Leave a Reply