বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করেছেন ফারজানা হক। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই বাংলাদেশ ওপেনার। ওপেনিং জুটিতে শামিমা ও ফারজানা করেন ৯৩ রান। হাফ সেঞ্চুরি করে শামিমা বিদায় নিলেও শতরান পূর্ণ করে অপরপ্রান্তে দাঁড়িয়ে দলকে সম্মানজনক স্কোরের নিয়ে যান নিয়ে ফারজানা হক। এটি দেশের কোনো নারী ক্রিকেটারের একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম সেঞ্চুরি। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগ্রেসদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২১৮ রান।
ইতিহাসের হাতছানির ম্যাচে বাংলাদেশ শিবিরে এসেছে এক পরিবর্তন। মুর্শিদা খাতুনের জায়গায় একাদশে জায়গা করে নিয়েছেন সোবহানা মোস্তারি।
শনিবার (২২ জুলাই) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচটি।
জয় দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখায় সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দুই দল। সিরিজের শেষ ম্যাচটি তাই দুই দলের জন্যই অলিখিত ফাইনাল। যেখানে ভারতের লক্ষ্য টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ জিতে ঘরে ফেরা। বাংলাদেশের লক্ষ্য প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়া।
বাংলাদেশ একাদশ: শামিমা সুলতানা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ঋতু মণি, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, রাবেয়া ও শারমিন আক্তার সুপ্তা।
Leave a Reply