প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ধোলাইখালে সংঘর্ষের ঘটনায় আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রায় ২ ঘণ্টা পর ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন।
মো.ফারুক হোসেন বলেন, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে তিনি ডিবি কার্যালয় থেকে বের হয়ে গেছেন।
এর আগে শনিবার (২৯ জুলাই) বিকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিএনপির নেতাকর্মীরা যখন পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করছিলো তখন ধাওয়া খেয়ে রাস্তায় পড়ে যান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। পরে তাকে সেভ করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয় থেকে ডিবির গাড়িতে করে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।
Leave a Reply