বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে পর্যাপ্ত আইন রয়েছে। তাই আইনবহির্ভূত কোনো পদ্ধতি নয়, বরং প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ দমনে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে। সরকারকে বিব্রত করতে পুলিশ বাহিনীর প্রধান আবারও ক্রসফায়ার ফিরিয়ে আনার কথা বলেছেন বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। এমন পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য তাদের ভাবিয়ে তুলেছে।
তিনি আরও বলেন, বেআইনি পদ্ধতিতে আইনের শাসন কায়েম করা যায় না। গত ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেই বিএনপি ক্ষমতায় এসেছে।
যুবকদের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, যুবকরা সুসংগঠিত থাকবে এবং দেশের উন্নয়নে কাজ করবে। তারা কোনো টেন্ডারবাজি বা চাঁদাবাজিতে জড়াবে না এবং মানুষের ভীতির কারণ হবে না। যুবদল সেই ধারাবাহিকতা বজায় রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
Leave a Reply