কুমিল্লার চান্দিনায় একটি বাস উল্টে মহাসড়কে আছড়ে পড়ায় দুই পথচারী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌঁনে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পথচারী চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মরহুম মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদে পল্লীর আদম আলীর ছেলে বাহরাম মিয়া (৬০), দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের ফজলুল হকের ছেলে মোটরসাইকেল আরোহী আবুল কালাম (৪০)।
আহতদের মধ্যে বাসযাত্রী নোয়াখালীর হাতিয়া উপজেলার মিল্লাত (২৩), নওগাঁ জেলার আরিফুল ইসলাম (২৮), ঢাকার মগবাজার এলাকার সাবিনা (৩৫), তার মেয়ে তানহার (১০) পরিচয় পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌঁনে ১০টার দিকে চট্টগ্রামমুখী একটি বাস হারিখোলা মাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। ওই সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আবুল কামালের।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এসআই) নাজমূল হুদা জানান, ‘আমরা দু’জন নিহতের খবর পেয়েছি। এর মধ্যে আলমগীরের লাশ ফাঁড়িতে নিয়েছি। আর দুর্ঘটনাটি বেদে পল্লীর পাশে হওয়ায় নিহত ওই ব্যক্তির লাশ তারা বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় আরো কোনো হতাহত আছে কি-না তা খতিয়ে দেখার চেষ্টা করছি।’
Leave a Reply