লিওনেল মেসিকে ছাড়াই লাপাজের উচ্চতা জয় করলো আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই ফুটবলে বলিভিয়ার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ৩-০ ব্যবধানে। এই রাউন্ডে ব্রাজিলও শেষ দিকের গোলে পেরুকে ১-০;তে হারিয়ে অ্যাওয়ে ম্যাচ জয়ের স্বস্তিতে ভেসেছে।
লাপাজের স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬২৫ মিটার ওপরে হওয়ায় বেশিরভাগ সময়ই অক্সিজেনের অভাবে নাভিশ্বাস ওঠে খেলোয়াড়দের। মঙ্গলবার মেসিকে স্কোয়াড়ের বাইরে রাখার অন্যতম কারণ ছিলো সেটা। তবে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হওয়া ম্যাচে উচ্চতা মেসির সতীর্থদের জন্য বাধা হতে পারেনি। মেসির অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড পরেন আনহেল ডি মারিয়া।
৩১ মিনিটে ৩৫ বছরের এই অভিজ্ঞ অ্যাটাকিং মিডফিল্ডারের অ্যাসিস্ট থেকেই এনসো ফার্নান্দেস আর্জেন্টিনাকে এগিয়ে নেন। ৪২ মিনিটে ডি মারিয়ার ফ্রি-কিক থেকে হেডে নিকোলাস তালিয়াফিকো ব্যবধান বাড়ান। এর দুই মিনিট আগে ক্রিস্তিয়ান রোমেরোকে ট্যাকল করে লাল কার্ড দেখেন বলিভিয়ার রবার্তো ফের্নান্দেস। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলের বিপক্ষে স্বাভাবিকভাবেই দাপট ছিলো আর্জেন্টিনার। ৮৩ মিনিটে নিকোলাস গন্সালেসের গোলে স্কোরলাইন ৩-০ হয়। গত ৭ সেপ্টেম্বর বাছাই পর্বের প্রথম ম্যাচে মেসির একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়েছিলো বিশ্ব চ্যাম্পিয়নরা।
Leave a Reply